বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাহসিন আহমেদ (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত তাহসিন বড়াইগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃধাপাড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে। সে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের দাবি, মরদেহ উদ্ধারের পর তাহসিনের চোখ, মুখ ও গলায় বিভিন্ন ধরনের দাগ দেখা যায়। এ সময় শরীরের কয়েকটি স্থান থেকে রক্ত বের হতে দেখা গেছে বলেও তারা জানান। তবে এসব দাগ ও রক্তের চিহ্ন কীভাবে সৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বনপাড়া ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার রফিকুল আলম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তাহসিন গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায়। এরপর বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তাহসিন পুকুরে গোসল করতে নেমেছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশির পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুকুরের পানির নিচ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহে থাকা দাগ ও রক্তের চিহ্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত কারণ জানা যেতে পারে।