বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:
নাটোর বড়াইগ্রামের বাগডোব মহির মোড় থেকে সাড়ে ৩ টন মধুসহ একটি ট্রাক আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করা হয়।
পুলিশ ও ট্রাকচালক সূত্রে জানা যায়, আটক ট্রাকের চালক মোঃ সেলিম হোসেন( ৬০)দাবি করেন, সিরাজগঞ্জের একটি মধুর ফার্ম থেকে ড্রামভর্তি মধু নিয়ে তিনি খুলনার সাতক্ষীরা বিসিক এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বনপাড়া হয়ে সাতক্ষীরা যাওয়ার কথা থাকলেও তিনি বড়াইগ্রামের রাজ্জাক মোড় থেকে জোনাইলের লোকাল সড়ক ব্যবহার করে যাচ্ছিলেন।
তবে পুলিশের জিজ্ঞাসাবাদে মধু সংগ্রহের স্থান ও গন্তব্য সম্পর্কে চালক একেক সময় একেক ধরনের তথ্য দেন। কখনো কাছিকাটা, কখনো মান্নাননগর আবার কখনো মহিশূটি থেকে মধু লোড করার কথা জানান তিনি। এছাড়া মধু সংগ্রহের স্থান থেকে কোনো চালান নম্বর এবং গন্তব্যস্থলের নির্দিষ্ট ঠিকানা দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
এ কারণে চালকের কথাবার্তা ও পরিবহনের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ট্রাকটি আটক করে বড়াইগ্রাম থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার এসআই জহুরুল ইসলাম জানান, ড্রামগুলোতে প্রকৃতপক্ষে মধু রয়েছে নাকি অন্য কোনো পণ্য রয়েছে, তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষায় মধু থাকার বিষয়টি নিশ্চিত হওয়া এবং কাগজপত্রসহ অন্যান্য তথ্য সঠিক প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা শেষে গাড়িটি ছেড়ে দেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর আটক মধু ও ট্রাকের বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।