নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে একই গ্রামের পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা একটার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—চরচাকলা গ্রামের মোঃ মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮) মোঃ নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয় বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল হালিম হামাদ জানান শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যদের কাউকে না জানিয়েই শিশুরা নদীতে গোসল করতে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি। একপর্যায়ে তারা নদীর পানিতে ডুবে যায়।
পরে শিশুদের খোঁজে নদীতে তল্লাশি শুরু হলে একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই গ্রামের পাঁচ শিশুর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে চরচাকলা গ্রামের পরিবেশ।
স্থানীয়রা জানান, নদীটি পদ্মার একটি শাখা হলেও এলাকায় এটি ‘মরা নদী’ নামে পরিচিত। বর্ষা ও অতিবৃষ্টির সময় পদ্মার পানি এ নদীতে প্রবেশ করে। বছরের অধিকাংশ সময় নদীটিতে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে চাষাবাদ করা হয়। সম্প্রতি টানা বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মরা নদীতে হঠাৎ পানি বেড়ে যায়। সেই পানিতেই গোসল করতে নেমে প্রাণ হারায় পাঁচ শিশু।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন পাঁচ মেয়েশিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।