আর.জে রাফি, কক্সবাজার ::
কক্সবাজারের উখিয়ায় দীর্ঘ ১১ বছর বিদেশে থাকার পর দেশে ফিরে বিয়ে করা এক যুবকের স্ত্রী বিয়ের মাত্র আট মাসের মাথায় নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী চার ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা নগদ নিয়ে বাড়ি থেকে চলে গেছেন বলে অভিযোগ করেছে স্বামীর পরিবার। পরিবারটি এ ঘটনায় সমাজের মানুষের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছে।
অভিযোগকারী পরিবারের তথ্য অনুযায়ী, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম বড়বিল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজির আহমেদের ছেলে মুহাম্মদ শফিক দীর্ঘ ১১ বছর বিদেশে অবস্থান করার পর দেশে ফেরেন। দেশে ফিরে তিনি ইনানী এলাকার কুইল্লা মিয়ার মেয়ে সমিরা আক্তার সুইটিকে বিয়ে করেন।
বিয়ের পর প্রায় আট মাস সংসার করার পর গত ২৩ আগস্ট মাগরিবের সময় হঠাৎ করে সমিরা আক্তার সুইটি বাড়ি থেকে নিখোঁজ হন বলে দাবি স্বামীপক্ষের।
পরিবারের সদস্যদের ভাষ্য, কিছুক্ষণ পর তারা সমিরা আক্তার সুইটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার কক্ষে গিয়ে আলমারি ও বিভিন্ন জিনিসপত্র খোলা অবস্থায় দেখতে পান। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।
স্বামী মুহাম্মদ শফিকের পরিবারের অভিযোগ, বাড়ি থেকে চলে যাওয়ার সময় সমিরা আক্তার সুইটি প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা নগদ নিয়ে গেছেন। পরিবারের আরও অভিযোগ, বিয়ের আগে তার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল, যা তারা আগে জানতে পারেননি।
এ ছাড়া পরিবারের দাবি, সমিরা আক্তার সুইটির বান্ধবী খুশিদা আক্তার তাকে বাড়ি থেকে চলে যেতে সহযোগিতা করেছেন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার পর থেকে সমিরা আক্তার সুইটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছে স্বামীর পরিবার। এ ঘটনায় তারা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি নিয়ে সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।