আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে পরোয়ানাভুক্ত এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে আসামির স্বজনদের হামলায় ও ধস্তাধস্তিতে পুলিশের চার উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ২নং চর এলাকায় এ ঘটনা ঘটে। এসআই হিমন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, আহত পুলিশ কর্মকর্তা এএসআই আওয়াল,এএসআই আবু রায়হান, কনস্টেবল আবু তাহের।
পুলিশ সূত্রে জানা গেছে, মেলান্দহ থানাধীন ২নং চর এলাকার আব্দুল কুদ্দুছ-এর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী এনামুল হক (২৮)-এর বিরুদ্ধে আদালতে গ্রেফতারী পরোয়ানা বকেয়া ছিল। সোমবার বিকেলে মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে এএসআই আউয়াল, এএসআই আবু রায়হান এবং কনস্টেবল আবু তাহেরের একটি টিম ওই এলাকায় পরোয়ানা তামিল অভিযানে যায়।
অভিযানকালে আসামি এনামুলকে গ্রেফতার করতে গেলে সে এবং তার পরিবারের সদস্যরা পুলিশি কাজে বাধা দেয় এবং ধস্তাধস্তিতে লিপ্ত হয়। একপর্যায়ে ধস্তাধস্তির কবলে পড়ে এসআই হিমন বাম হাতে গুরুতর বেদনাযুক্ত আঘাত পান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ পরিবেষ্টিত অবস্থান থেকে আসামি এনামুল হককে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়।
ঘটনার পরপরই আহত এসআই হিমনকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে মেলান্দহ থানায় সুস্থ অবস্থায় অবস্থান করছেন।
এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।