মোঃ রাজিব হোসেন (চাটমোহর)পাবনাঃ
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ অপতৎপরতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি পৌর সদরের আফরাত পাড়া মহল্লার সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সামনে থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শাহী মসজিদ মোড় এলাকায় পথসভায় বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
সংক্ষিপ্ত সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যানবাহনে অগ্নিসংযোগ করে জনগণের জানমাল বিনষ্ট করছে। একই সঙ্গে গুপ্ত বা ঝটিকা মিছিল করে এলাকার পরিস্থিতি অশান্ত করছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল ও পেট্রোল বোমার মতো মারাত্মক আক্রমণ চালাচ্ছে। এতে দেশের শান্তি বিঘ্নিত হচ্ছে।
বক্তারা এসব অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সাবধান করে বলেন, এলাকার পরিস্থিতি উত্তপ্ত করলে কাউকে শান্তিতে বসবাস করতে দেওয়া হবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত এসব অপরাধীর গ্রেপ্তার ও জেলহাজতে প্রেরণের দাবি জানান।