
নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ
টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটিতে নির্ধারিত মানের ইট ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। একইভাবে যেখানে বালু দেওয়ার কথা, সেখানে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করে কাজ চালানো হচ্ছে। এতে সড়কের টেকসই ও মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
সড়কটির মেরামত কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান দূর্গা এন্ড লোকমান জে ডি এন্টারপ্রাইজ। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা মোঃ সিয়ামকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, “আপনি কোন পত্রিকার সাংবাদিক? চাঁদাবাজি ছুটাইয়া দেবো।”
এ প্রসঙ্গে নাগরপুর উপজেলা প্রকৌশলী মোঃ তোরাপ আলী বলেন, “আপনারা সঠিক তথ্য বের করে নিউজ করুন।”
অন্যদিকে, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক মুঠোফোনে জানান, “আমাকে একটি অভিযোগ দিতে বলবেন।”
এলাকাবাসীর দাবি, নিম্নমানের কাজের কারণে সড়কটি অল্প সময়ের মধ্যেই আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়বে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।