নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পাকঘর থেকে বস্তাবন্দী অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোরীর নাম আয়েশা আক্তার (১১)। তিনি রাঙ্গাবালী সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামের বাসিন্দা বাবুল প্যাদারের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে আয়েশা আক্তার নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে শনিবার নিজ বাড়ির পাকঘর থেকে বস্তাবন্দী অবস্থায় আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।
রাঙ্গাবালী থানা পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।