নিজস্ব প্রতিবেদক :
তীব্র শীতের কনকনে সকালে হিলি বর্ডার এলাকায় মাদক পাচারের সময় তিনজন চোরাকারবারিকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানের পর আটককৃতদের সতর্কবার্তা হিসেবে ব্যতিক্রমধর্মী শাস্তি প্রদান করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল হিলি বর্ডার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা কালে তিন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আটকের পর সেনাবাহিনী অভিযুক্তদের মাথা ন্যাড়া করে তীব্র শীতের মধ্যে পুকুরের ঠান্ডা পানিতে কিছু সময় দাঁড় করিয়ে রাখে। ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক চোরাচালান একটি গুরুতর সামাজিক অপরাধ। সীমান্ত এলাকায় মাদক প্রবেশ রোধ ও অপরাধীদের সতর্ক করতেই এই ধরনের কঠোর ও ব্যতিক্রমধর্মী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সীমান্তে সেনাবাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকলে মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।