বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণে বিজিবির বাধা, উত্তেজনা
অনলাইন ডেস্ক / ৪২ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

 

মোঃ মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সড়ক নির্মাণের চেষ্টায় বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্ত ও বিজিবি সূত্রে জানা যায়, খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর নিকটে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার তায়েজ উদ্দিন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। প্রায় ৩০ মিনিটব্যাপী বৈঠকে উভয় দেশের ছয়জন করে সদস্য অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খলিশাকোঠাল সীমান্তের মেইন পিলার ৯৩৪/১ এস থেকে ৯৩৪/১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের অভ্যন্তরে কোচবিহারের সাহেবগঞ্জ থানার করলা এলাকায় একটি পুরাতন সড়ক রয়েছে। এই সড়কটি বাংলাদেশ সীমান্ত থেকে বিভিন্ন স্থানে ৫০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত। গত তিন থেকে চার দিন ধরে বিএসএফ সদস্যরা ওই সড়কের গা ঘেঁষে পূর্ব দিকে নতুন করে আরও একটি পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করে।

আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ থাকলেও বিএসএফ সদস্যরা রাতের আঁধারে কাজ চালিয়ে প্রায় পৌনে এক কিলোমিটার সড়ক নির্মাণ করে ফেলে বলে অভিযোগ স্থানীয়দের।

খলিশাকোঠাল সীমান্ত এলাকার বাসিন্দা মজির রহমান বলেন, বিএসএফ সদস্যরা কয়েকদিন ধরে রাতের বেলায় দ্রুতগতিতে সড়ক নির্মাণ করছিল। বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা টহল জোরদার করে একাধিকবার কাজে বাধা দেন। এরপরও কাজ চলতে থাকায় বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার তায়েজ উদ্দিন বলেন, সীমান্তের অত্যন্ত নিকটে আন্তর্জাতিক আইন অমান্য করে সড়ক নির্মাণের চেষ্টা করায় বিজিবি পক্ষ থেকে কঠোরভাবে বাধা দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের পর আপাতত সড়ক নির্মাণের কাজ বন্ধ রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট