নাটোর প্রতিনিধি
নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বাড়ির সাতটি ঘর পুড়ে যায়। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু, ছাগলসহ ঘরে থাকা মালামাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।