মোঃ মানিক শেখ
মেলান্দহ উপজেলা প্রতিনিধি।
জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় গতিরোধক স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন জানান, মালঞ্চ এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এলাকাটি ঝুঁকিপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা সড়কে নেমেছেন। অবরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাইশা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া সেখানে ছোট-বড় দুর্ঘটনা নিয়মিত ঘটছে। এসব ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে এলাকাবাসী মহাসড়কে অবস্থান নেন। বেলা ১১টার দিকে তাঁরা সড়কে বসে পড়েন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ইউএনও জিন্নাতুল আরা মুঠোফোনে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে দ্রুত গতিরোধক স্থাপনের আশ্বাস দেন। পরে বেলা ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও জিন্নাতুল আরা বলেন, স্থানীয় মানুষের দাবি বিবেচনায় দ্রুত গতিরোধক স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী রোববার স্থানীয় কয়েকজনকে তাঁর কার্যালয়ে ডাকা হয়েছে।