বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা-এর ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে চলমান সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করা হচ্ছে, যার ফলে কাজ শেষ হওয়ার আগেই রাস্তার মান ও স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই কাজের নানা অনিয়ম চোখে পড়লেও দায়িত্বপ্রাপ্ত বড়াইগ্রাম থানা ইঞ্জিনিয়ার অফিস কার্যত নীরব ভূমিকা পালন করছে। এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে লিখিত অভিযোগ দাখিল করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা জানান, লিখিত অভিযোগ দেওয়ার পর কাজ বন্ধ করে তদন্ত করার কথা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বরং অভিযোগের পর থেকেই কাজের মান আরও নিম্নমুখী হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।
এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট থানা ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষিত হয়েছে বলে মনে হয় না। সাংবাদিকরা তথ্য যাচাই ও বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রশ্ন, বারবার অভিযোগ, গণস্বাক্ষর ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও যদি সংশ্লিষ্ট দপ্তর নীরব থাকে, তাহলে অনিয়মের বিরুদ্ধে জনগণ ন্যায়বিচার পাবে কোথায়? তাদের মতে, সরকারি অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে এমন অবহেলা ও অনিয়ম অত্যন্ত উদ্বেগজনক এবং এটি দ্রুত তদন্তের দাবি রাখে।
এলাকার সচেতন মহল মনে করছেন, অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অবস্থা প্রকাশ করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা এখন সময়ের দাবি। অন্যথায় উন্নয়ন কাজের নামে অনিয়মের এই সংস্কৃতি চলতেই থাকবে এবং জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।