আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দা ও লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ হইবর রহমান (৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ চিনাডুলী গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে হইবর রহমানের সঙ্গে একই গ্রামের মোঃ রাজা ফকির (৫০) ও মোঃ হাফিজুর ফকির (৩৫) সহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ৯ মার্চ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দা ও লাঠিসোঁটা নিয়ে হইবর রহমানের বাড়ির আঙ্গিনায় এসে তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এ সময় হইবর রহমানসহ বাড়ির লোকজন তাদের গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা ও লাঠিসোঁটা উঁচিয়ে মারধর ও খুন-জখম করার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে হইবর রহমান ও তার স্বজনরা দ্রুত সরে গিয়ে রক্ষা পান।
ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা আবারও প্রাণনাশের হুমকি দিয়ে বলে, সুযোগ পেলে হইবর রহমান বা তার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলবে, বাড়িঘরে আগুন লাগিয়ে দেবে এবং বসতভিটার জমি দখল করে নেবে।
এ ঘটনায় ভুক্তভোগী হইবর রহমান বলেন, অভিযুক্তদের হুমকিতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।