বড়াইগ্রাম নাটোর প্রতিনিধ
নাটোরের বিভিন্ন উপজেলায় জ্বালানি তেলকে কেন্দ্র করে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ দিন দিন বাড়ছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী পাম্প থেকে ড্রামে করে তেল সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে অতিরিক্ত দামে বিক্রি করে অবৈধভাবে লাভবান হচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।
বিশেষ করে লালপুর উপজেলার কদিমচিলা ক্লিকমোড় এলাকার সাদিয়া তেল পাম্প থেকে ড্রামে করে পেট্রোল বিক্রির অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, নিয়মের তোয়াক্কা না করে পাম্প থেকে ড্রামে তেল তুলে দেওয়া হচ্ছে। এরপর সেই তেল বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে খুচরা ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মেরিগাছা এলাকায় এক খুচরা ব্যবসায়ী পাম্প থেকে নেওয়া তেল সাধারণ মানুষের কাছে লিটারপ্রতি প্রায় ১৪০ টাকার তেল ১৫০ টাকায় বিক্রি করছেন। কেউ বেশি তেল চাইলে আলাদা ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায়ও একই চিত্র দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, সেখানে খুচরা বিক্রেতারা প্রতি লিটার তেলের দাম ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নিচ্ছেন, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।
অন্যদিকে বড়াইগ্রাম উপজেলার রয়না ফিলিং স্টেশনে মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি তেল না দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে, কিছু ব্যবসায়ী বিভিন্ন সাইজের ড্রাম ও কন্টেইনারে করে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। পরে সেই তেল সাধারণ মানুষের কাছে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে প্রকাশ্যে তেল সিন্ডিকেট চললেও কার্যকর কোনো নজরদারি নেই। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত দামে জ্বালানি কিনতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।