আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
২৮ মার্চ ২০২৬ শনিবার জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে সকাল থেকেই পেট্রোলের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা যায়। তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ চালকরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে কোনো পেট্রোল নেই। তবে বিষয়টির সত্যতা যাচাই করতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও তা গোপন রাখা হয়েছে এবং গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছিল না। এতে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকার নির্ধারিত মূল্যে সুশৃঙ্খলভাবে গ্রাহকদের মাঝে তেল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।