রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বড়াইগ্রামে লাইসেন্সবিহীন দাহ্য পদার্থ বিক্রি—প্রশাসনের অভিযানও যেন ব্যর্থ!
অনলাইন ডেস্ক / ১০৯ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়নের জোনাইল বাজারে আইনের প্রতি প্রকাশ্য বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাহ্য পদার্থ বিক্রির ভয়াবহ চিত্র আবারও সামনে এসেছে। “মুক্তার এন্টারপ্রাইজ” নামের একটি প্রতিষ্ঠান বিস্ফোরক লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে তেল ও গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করে আসছে—যা শুধু আইন লঙ্ঘনই নয়, জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে অবাধে তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রি চলছিল। অথচ এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসার জন্য বাধ্যতামূলক বিস্ফোরক লাইসেন্স থাকা আইনি শর্ত। সেই শর্ত উপেক্ষা করে দিনের পর দিন এই অবৈধ কার্যক্রম চললেও সংশ্লিষ্টদের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি—যা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।
গত রাত ১২টা ৪৪ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের প্রমাণ মিললে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয় এবং সরকারি নির্ধারিত দামে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়।
তবে এটি প্রথম ঘটনা নয়। এর আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস একই অভিযোগে এই প্রতিষ্ঠানসহ আরও তিনটি দোকানে অভিযান চালিয়ে প্রতিটি দোকানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছিলেন। কিন্তু বাস্তবতা বলছে—জরিমানা দিয়ে যেন পার পেয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। প্রশ্ন উঠছে, বারবার জরিমানার পরও কেন বন্ধ হচ্ছে না এই অবৈধ ব্যবসা? নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালী মহলের ছত্রছায়া?
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টা না যেতেই আগের চিত্রে ফিরে গেছে পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, আজ সকাল ৭টা থেকেই আবারো প্রকাশ্যে ১৩০ টাকা লিটার দরে তেল বিক্রি শুরু হয়েছে, যা প্রশাসনের নির্দেশনার সরাসরি অবমাননা।
সচেতন মহলের মতে, এটি কেবল একটি প্রতিষ্ঠানের অনিয়ম নয়; বরং তদারকির চরম ব্যর্থতা এবং আইনের প্রতি অবহেলার নগ্ন উদাহরণ। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—যার দায় এড়াতে পারবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের জোর দাবি, দায়সারা জরিমানা নয়—এ ধরনের অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নিতে হবে এবং লাইসেন্সবিহীন সকল ঝুঁকিপূর্ণ ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট