শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির ছাত্রের ভ্যান চুরি.
অনলাইন ডেস্ক / ১৬ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার প্রতারণার শিকার হয়েছে গোগা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র।

 

ভুক্তভোগী শাওন হোসেন (১২) গোগা (গাজীপাড়া) গ্রামের নয়ন হোসেনের ছেলে ও গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

 

শাওনের পিতা নয়ন হোসেন পেশায় ভ্যানচালক ও ভ্যান নির্মাতা। পরিবারটির জীবিকা নির্বাহের জন্য সম্প্রতি ব্র্যাক, আশা ও আদ্বদীন এনজিও থেকে প্রায় এক লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়ে এক লাখ ৫ হাজার টাকা ব্যয়ে একটি নতুন ভ্যান তৈরি করা হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, শাওনের দাদা প্রায় ৩৯ বছর ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। একই পেশায় তার বাবা নয়ন হোসেনও ভ্যান তৈরি ও চালানোর পাশাপাশি মাঠে শ্রমিকের কাজ করেন। নতুন ভ্যানটি তৈরি হওয়ার পর মাঝে মাঝে শাওনও ভ্যান চালাতো।

 

স্থানীয়দের অভিযোগ, নতুন ভ্যানটি চালাতে দেখে আগে থেকেই প্রতারক চক্রটির নজরে পড়ে শাওন। কয়েকদিন আগে ওই চক্রের সদস্যরা গোগা বাজার থেকে দুইবার তার ভ্যানে যাতায়াতও করে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোগা বাজার থেকে বাগআঁচড়া বাজারে যাওয়ার জন্য প্রতারক চক্রের এক সদস্য শাওনের ভ্যানটি রিজার্ভ করে। পরিকল্পনা অনুযায়ী তারা বাগআঁচড়া থেকে মালামাল নিয়ে আবার গোগা ফিরে আসার কথা বলে।

 

বাগআঁচড়া কাঁচাবাজার চার রাস্তার মোড়ের উত্তর পাশের সড়ক দিয়ে প্রায় ১০০ গজ দূরে বাবলু মিয়ার বাড়ির গেটের পাশে ভ্যানটি রেখে শাওনকে সঙ্গে নিয়ে বাজারে ঢুকে পড়ে চক্রের এক সদস্য। এ সময় অন্য একজন আগে থেকেই ওত পেতে ছিল। সুযোগ বুঝে তারা ভ্যানটি চালু করে দ্রুত নিয়ে পালিয়ে যায়।

 

ভ্যান হারিয়ে কান্না থামছে না শাওনের। কি ভাবে ঋণের টাকা পরিশোধ করবে সেই চিন্তায় দরিদ্র পরিবার উদ্বেগ্ন।

 

স্থানীয়রা জানান, বাগআঁচড়া বাজার এলাকায় এ ধরনের ভ্যান চুরির ঘটনা নতুন নয়। গত ৪ অক্টোবর ২০২৫ তারিখে বাগআঁচড়া বাজারের ফুলতলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে থেকে ঝিকরগাছার বৃদ্ধ ভ্যানচালক ইদ্রিস প্রতারণার শিকার হয়ে তার ভ্যান হারান।

 

এছাড়া চলতি বছরের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি বেদেপাড়া এলাকার মৃত হালিম মোল্লার ছেলে খোকন মোল্লা (৬০)-এর ভ্যান চুরি করা হয়।

 

গত ১৭ মার্চ একই স্থানে আবার ভ্যান চুরির চেষ্টা করলে স্থানীয় জনতা দুইজনকে আটক করে বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনো ভ্যান উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

এদিকে শুক্রবার শাওনের ভ্যান চুরির ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ধারাবাহিক ভাবে ভ্যান চুরি হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারাতে বসেছে। ফলে অনেকেই এখন ভ্যান চুরি হলেও থানায় অভিযোগ বা জিডি করতে আগ্রহ দেখাচ্ছেন না।

 

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আমি এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পৃর্বক ব‍্যবস্থা নেয়া হবে।

 

স্থানীয়রা দ্রুত ভ্যান চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া ভ্যান উদ্ধারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট