মোঃ বোরহান উদ্দিন বুলবুল নাটোর(বড়াইগ্রাম)প্রতিনিধি :-
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ব্যতিক্রমধর্মী এক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত করার উদ্যোগ নিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। উপজেলার ০২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের আদগ্রাম (মিস্ত্রিপাড়া) এলাকায় অবস্থিত শ্রীশ্রী কালী মাতা মন্দির প্রাঙ্গণে গড়ে উঠেছে “জাগ্রত চেতনা বিদ্যাপীঠ” নামে একটি অবৈতনিক ধর্মীয় শিক্ষা কেন্দ্র।
জানা যায়, বড়াইগ্রামের বাগডোব কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) শ্রী নিরঞ্জন কুমার সরকার নিজ উদ্যোগে “শ্রীমন্ত্র গবদগীতা বিদ্যাপীঠ” নামে এই শিক্ষা কার্যক্রম চালু করেছেন। এখানে ছোট ছোট হিন্দু ধর্মাবলম্বী ছেলে-মেয়েদের ধর্মীয় রীতিনীতি, প্রার্থনা, নৈতিক শিক্ষা ও সংস্কৃতি শেখানোর পাশাপাশি সাধারণ জ্ঞান ও বিভিন্ন শিক্ষামূলক বিষয়েও পাঠদান করা হচ্ছে।
শ্রী নিরঞ্জন কুমার সরকার জানান, হিন্দু ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে বর্তমানে অনেক ঘাটতি রয়েছে। সেই চিন্তা থেকেই তিনি নিজের বাসার সংলগ্ন শ্রীশ্রী কালী মাতার মন্দিরে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই শিক্ষা কার্যক্রম শুরু করেন। প্রতিদিন অফিসে যাওয়ার আগে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নিয়মিত শিশুদের পাঠদান করে যাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, “চাকরির পাশাপাশি যদি কেউ ভালো কিছু করার ইচ্ছা পোষণ করে, তবে মনের জোর ও সাহস থাকলে তা অবশ্যই সম্ভব। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
সম্পূর্ণ অবৈতনিক এই শিক্ষা কার্যক্রম ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও সাধারণ জ্ঞানের শিক্ষা প্রদান ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শ্রী নিরঞ্জন কুমার সরকার মনে করেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের মতো মন্দিরভিত্তিক শিক্ষারও প্রসার ঘটানো গেলে হিন্দু ধর্মাবলম্বী শিশুদের ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ আরও সহজ হবে।
আদগ্রাম মিস্ত্রিপাড়ায় গড়ে ওঠা এই ব্যতিক্রমধর্মী শিক্ষা উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে পরিচিতি পেয়েছে।