নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ও প্রস্তুত মদ জব্দ করা হয়েছে। এ সময় মদ প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে এক নারীকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহিমালী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পারুল আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ হাজার ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়ানি) এবং ১০ লিটার প্রস্তুত চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক পারুল আক্তারের (আনুমানিক বয়স ৫৫) স্বামী মৃত তোতা। অভিযানকালে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন এবং উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানকারী দল জানায়, বাড়ির ভেতরে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ও প্রস্তুত মদ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযান শেষে আটক পারুল আক্তারকে নিয়মিত মামলা দায়েরের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।