নিজস্ব প্রতিবেদক
নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চুরি হওয়া ২৩টি এলইডি বৈদ্যুতিক বাল্ব উদ্ধার এবং ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক এলইডি বাল্ব চুরির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা। পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকার একটি অটো গ্যারেজ থেকে প্রথমে খালিদ হাসান ওরফে আগুন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে নাটোর স্টেশন বাজার এলাকা থেকে মামুন আলী (৩৩) এবং পীরগঞ্জ বাজার এলাকা থেকে আব্দুল লতিফ (৫৫) ও আল-আমিন ইসলাম (২৮) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ২৩টি চোরাই বৈদ্যুতিক এলইডি বাল্ব উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের উৎস এবং চুরির সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জনগণকে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, চোরাই পণ্য কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। সবাইকে সচেতন থেকে এ ধরনের অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।