পুঠিয়া, (রাজশাহী)প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার নামাজগ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ এক তরুণ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে র্যাব-৫, সিপিএসসির গোয়েন্দা দল তথ্য পায় যে, পুঠিয়া এলাকা থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানার ৩ নম্বর বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে তল্লাশিকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে মোটরসাইকেল আরোহী মো. মোহন ইসলাম (২০)-কে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহন ইসলাম ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তিনি মোটরসাইকেলের ট্যাংকির ডান পাশের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি নীল রঙের জিপার ব্যাগ বের করে দেন। ব্যাগটি তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক মোহন ইসলাম এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।