মোঃ বোরহান উদ্দিন বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাজমা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা আনন্দঘন ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইউসুফ আলী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বেলাল হোসেন, মো. লুৎফর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. তোরাব আলী, মো. মনিরুল ইসলাম, নিরঞ্জন কুমার সরকার, জোনাইল ডিগ্রি কলেজের অধ্যাপক মো. জালাল উদ্দিন এবং আদগ্রাম শহীদ শাজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাতেম আলী। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবন, দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নাজমা খাতুনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শেষ মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আবেগঘন বিদায়ে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে উপস্থিত সকলেই প্রধান শিক্ষক মোছা. নাজমা খাতুনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তিময় অবসর জীবন কামনা করেন।