বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: গরুবাহী ভুটভুটির ৫ আর ঘরে ফিরলেন না
অনলাইন ডেস্ক / ৫৬ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

 

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:

 

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাজদার আলী (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

 

নিহত সাজদার আলী বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। এ দুর্ঘটনায় নিহতদের সবাই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

 

এর আগে দুর্ঘটনায় একই গ্রামের আপন দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর এলাকার আব্দুর রহমান এবং চিকিৎসাধীন অবস্থায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নাজমুল হোসেন মারা যান।

 

গত ৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার সময় গরুবাহী একটি ভুটভুটির সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সংঘর্ষে ঘটনাস্থলেই একজন গরু ব্যবসায়ী নিহত হন এবং কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

 

একসঙ্গে পাঁচজন গরু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ধামানিয়াপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একই গ্রামের আপন দুই ভাইসহ কয়েকজনের একসঙ্গে প্রাণহানিতে পরিবারগুলোতে চলছে আহাজারি।

 

জীবিকার তাগিদে গরুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। কিন্তু সড়কের ভয়াবহ সেই সংঘর্ষে স্বজনদের কাছে আর ফেরা হয়নি তাদের। এক দুর্ঘটনায় একে একে পাঁচটি প্রাণ ঝরে যাওয়ায় শোকাহত পুরো জনপদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট