মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই তলা মসজিদের পাশের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের মেয়ে। তাঁর স্বামী অসীম বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে সাথীর সঙ্গে তাঁর শাশুড়ির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিনও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি মীমাংসার জন্য সামাজিকভাবে উদ্যোগ নেওয়া হয়।
এর কিছু সময় পর সাথীকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় ২৫ আগস্ট রাত ১২টার দিকে গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৩৪। ঘটনার প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল