বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বড়খাপন ইউনিয়নে বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বিএনপির তৃণমূল
অনলাইন ডেস্ক / ৭০ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

কলমাকান্দা উপজেলা প্রতিনিধি

 

কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে সরকারি বরাদ্দের অর্থ ও চাল বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, দলীয় পরিচয় ব্যবহার করে প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজনকে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা গেছে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন আলম এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুলের বিরুদ্ধে বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বাক্ষরিত ওই অভিযোগে বলা হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বরাদ্দকৃত জনপ্রতি ৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণে স্বচ্ছতা অনুসরণ করা হয়নি।
অভিযোগকারীদের দাবি, তালিকাভুক্ত অনেকেই স্থানীয় বিএনপি বা অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। বরং আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য ও সমর্থকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, বরাদ্দ আত্মসাতের উদ্দেশ্যে তালিকায় ‘সোনাইগ্রাম’, ‘রানীগাঁও’ ও ‘বর্ণমালা’ নামে কয়েকটি কাল্পনিক গ্রামের নাম ব্যবহার করা হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, রাজনৈতিক প্রভাব বিস্তার ও ভবিষ্যতে চেয়ারম্যান পদে অবস্থান শক্ত করার লক্ষ্যেই এমন কর্মকাণ্ড করা হয়েছে।
ক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীরা বলেন, “দলের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে অন্য দলের লোকজনকে সুবিধা দেওয়া হয়েছে। এটি শুধু অনিয়ম নয়, দলের আদর্শ ও শৃঙ্খলারও অবমাননা।”
এ ঘটনায় অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ এনে তাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
তবে অভিযোগের বিষয়ে মো. শাহিন আলম ও জিহাদ খান মিতুলের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট