শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

চাটমোহর পৌরসভায় প্রকৌশলীদের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
অনলাইন ডেস্ক / ২৯ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

মোঃ রাজিব হোসেন চাটমোর পাবনা প্রতিনিধি 

 

পাবনার চাটমোহর পৌরসভায় সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঠিকাদারকে কাজ না দেওয়ার অভিযোগে সোমবার (৮ জুন) মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

চাটমোহর নাগরিক কমিটির আয়োজনে দুপুর ১২টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন নির্বাচিত ঠিকাদার প্রতিষ্ঠান ইহাম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদসহ অন্যরা। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস, ঠিকাদার শাহজাহান আলী প্রমুখ।

 

বক্তারা অভিযোগ করেন, পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী এবং উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ যোগসাজশে নানা অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগও উঠেছে।

 

তারা আরও জানান, সম্প্রতি ৩৭ লাখ টাকার একটি উন্নয়ন কাজের টেন্ডার আহ্বান করা হয়। দরপত্র জমা দিয়ে লটারিতে ইহাম কনস্ট্রাকশন বিজয়ী হয়। কিন্তু কাজের অর্ডার (ওয়ার্ক অর্ডার) দেওয়ার সময় সহকারী প্রকৌশলী মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ওয়ার্ক অর্ডার না দিয়ে পূর্বের লটারি বাতিল করে পুনরায় লটারির আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, সেখানে টাকার বিনিময়ে আওয়ামী লীগের এক নেতাকে কাজটি দেওয়া হয়েছে।

 

বক্তারা ইহাম কনস্ট্রাকশনকে তাৎক্ষণিক ওয়ার্ক অর্ডার প্রদান এবং অভিযুক্ত দুই প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

পৌরসভার বক্তব্য

এ বিষয়ে চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী বলেন, “পূর্বে কোনো লটারি হয়নি এবং কাউকে বিজয়ী ঘোষণা করে চিঠিও দেওয়া হয়নি। মাত্র একবারই লটারি অনুষ্ঠিত হয়েছে। ইহাম কনস্ট্রাকশনের কাগজপত্র সঠিক ছিল না। এখানে কোনো অনিয়ম হয়নি।”

 

ক্যাপশন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে চাটমোহর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন ঠিকাদার ও স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার দুপুরে।

 

এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট