আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ২৩ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ, বাজারে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে প্রায় ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ এবং পাঁচজনকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেনঃ আলফাজ (৪৫), পিতা-মৃত আবুল হোসেন, চর দোবকান্দি, গোপালপুর, টাঙ্গাইল,হুমায়ুন (৪৭), পিতা-মোঃ মকবুল হোসেন, শোলাকুড়ি, মধুপুর, টাঙ্গাইল, মোঃ শহিদ মিয়া (৩০), পিতা-মোঃ নুরুল ইসলাম, ডোবাকান্দি, গোপালপুর, টাঙ্গাইল।জুয়েল (৪০), পিতা-মোঃ রমজান আলী, সরিষাবাড়ী, জামালপুর মোঃ তাসির (৩০), পিতা-আমির হোসেন, বাটকুল, জাজিরা, শরীয়তপুর।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। রায়ে আলফাজ, হুমায়ুন ও শহিদ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জুয়েল ও তাসিরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ডও প্রদান করা হয়।
জব্দকৃত মাংস মোবাইল কোর্টের নির্দেশনা অনুযায়ী বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। জামালপুর জেলা পুলিশ খাদ্যপণ্যের মান ও উৎস সম্পর্কে সতর্ক থাকার জন্য এবং সন্দেহজনক কোনো কার্যক্রম পরিলক্ষিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করছে।