আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বাউসী পঞ্চপীর এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জেম মো. বাদশা মিয়া (৬০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মনির উদ্দিন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। পরে মাগরিবের পর বিএনপির কিছু নেতাকর্মী তার বাড়িতে হামলা চালালে সাবেক মেয়রের সমর্থকরা পাল্টা ধাওয়া দেয়, যা উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় অভিযোগ উঠেছে।
সংঘর্ষ চলাকালে বাউসী মধ্যপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম বাদশা মিয়া মিলাদুন্নবী উপলক্ষে এশার নামাজ ও মিলাদে অংশ নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেন। তবে সংঘাতের মাইকিং ভেবে বিএনপি সমর্থকরা তাকে মারধর করে। এতে তার পাঁজরের হাড় ও বাম হাতের অনামিকা আঙুলটি ভেঙে যায়।
আহত মোয়াজ্জেম অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের বাধার কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। ফলে তিনি বর্তমানে বাড়িতে পল্লী চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকির বলেন, ‘সাবেক মেয়র মনির উদ্দিন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের নিয়ে শোডাউন ও বৈঠক করার কারণেই সংক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।’
এদিকে এ বিষয়ে জানতে আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মনির উদ্দিনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
তবে তার ভাতিজা সবুজ মিয়া ও হাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনার পরই তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’