আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
সারাদেশে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা-এর উদ্যোগে উপজেলার গোরস্থান মোড়-ধর্মকুড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা-এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ, সাংগঠনিক সম্পাদক ছালভীন উল শার্ফি আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন, ইসলামপুর হিন্দু কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মহাদেব মহন্ত, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সিয়াম খান লোহানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা-এর সার্বিক ব্যবস্থাপনা ও সমিতির নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় বৃক্ষরোপণ বাস্তবায়ন উপকমিটি-২০২৬ কর্মসূচিটি বাস্তবায়ন করে।
আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও ইসলামপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
তারা আরও জানান, বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা জনকল্যাণে বিভিন্ন ধরনের বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।