মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকার চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানান, রবিবার (৩০ আগস্ট) যশোরের বেনাপোল আইসিপি (চেকপোস্ট) ও আমড়াখালি চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ভারতীয় শাড়ি, ৩২টি শাড়ি, ৯৭ কেজি ফুসকা, তিন কেজি কিসমিস, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৪৪৩টি কসমেটিক্সসহ সনপাপড়ি, চাটনি ও পেস্তাবাদাম আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।