মোঃ রাজিব হোসেন (চাটমোহর)পাবনাঃ
জমি বিরোধে দুই পক্ষের হাতাহাতি, ওসি নাজমুল হকের নেতৃত্বে পুলিশ দ্রুত শান্ত করল পরিস্থিতি
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর এলাকায় সোমবার দুপুরে এক নাটকীয় ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের জমিজমা বিরোধের জেরে এসি ল্যান্ড অফিসের সামনে দুই পক্ষের মধ্যে তীব্র মারামারি বেঁধে যায়। অফিসের সামনে কয়েক মিনিটের জন্য উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে, উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকেন।
স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত একটি বিষয়ের শুনানি ও সমাধানের জন্য উভয় পক্ষ এসি ল্যান্ড অফিসে হাজির হন। আলোচনা শুরু হওয়ার পরপরই কথা-কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। অফিসের সামনে হঠাৎ করেই উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।
খবর পেয়ে আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হকের নেতৃত্বে থানার পুরো পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে অফিসের সামনের উত্তেজনা কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে আসে এবং এলাকায় শান্তি ফিরে আসে।
পুলিশের তৎপরতায় বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো গেছে বলে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।