লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে (২৩) একটি ফাঁকা বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করার অপরাধে তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—লালপুরের ৬ রাস্তার মোড় মন্ডলপাড়ার মো. আশিক (২২), জৌতদৈবগী গ্রামের মো. শাকিল ইসলাম বাঁধন (২০) এবং একই এলাকার মো. কাজল (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে লালপুরের ৬ রাস্তার মোড় এলাকার এক যুবকের সঙ্গে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার বিকেলে তারা লালপুরের গ্রিন ভ্যালি পার্কে ঘোরাঘুরি করেন। পরে সেখান থেকে অটোরিকশায় করে লালপুর ডিগ্রি কলেজ মাঠ এলাকায় যান। অভিযোগ রয়েছে, সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওই যুবক তার দুই বন্ধুর সহযোগিতায় তরুণীকে কলেজ মাঠের পাশে একটি ফাঁকা বাড়ির কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তার অপর দুই সহযোগীও পালাক্রমে তাকে ধর্ষণ করেন এবং এই পুরো ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করা হয়।
ঘটনার পর সন্ধ্যায় ভুক্তভোগীকে অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন রবিবার দুপুরে ধারণকৃত ভিডিওটি তরুণীর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে ১৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা।
পরবর্তীতে ভুক্তভোগী তরুণী বিষয়টি তার পরিবারকে জানালে তারা লালপুর থানায় যোগাযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই তিন যুবককে আটক করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগী তরুণীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।