চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। চোরাকারবারীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করলেও বিজিবির নজরদারি ও অভিযানের কারণে তাদের অপতৎপরতা ব্যাহত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর গভীর রাত থেকে ২৬ ডিসেম্বর ভোর পর্যন্ত সোনামসজিদ ও বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ২০ থেকে ২৫০ গজের মধ্যে পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় CHOCO+ সিরাপ এবং ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
অভিযান চলাকালে রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, বিগত কয়েক দিনে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এই ব্যাটালিয়ন এ পর্যন্ত বিভিন্ন ধরনের ফেন্সিডিলের বিকল্পসহ মোট ৭৭২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”