নাটোর প্রতিনিধি:
বড়াইগ্রাম উপজেলা এলাকায় রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার ০২ নং বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব ঈদগাহ মাঠ থেকে খাকসা মনোহর মন্ডলের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। তবে স্থানীয়দের দাবি, নির্মাণ কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, যা অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, “রাস্তার কাজে যে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে তা খুবই নিম্নমানের। প্রতিবাদ জানাতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।” এমনকি একজন অভিযোগ করেন, বিষয়টি নিয়ে কথা বলায় তাকে ধমক দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি অর্থে নির্মিত রাস্তার কাজে অনিয়ম হলে তা এলাকার মানুষের ভোগান্তি বাড়াবে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে রাস্তায় কাজ করা সংশ্লিষ্ট ঠিকাদার বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে কাজের মান নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।