চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহর থানা এলাকায় জমিতে ধান রোপণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভাইসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতদের মা মোছাঃ আনজুয়ারা খাতুন।
অভিযোগ সূত্রে জানা যায়, চাটমোহর থানাধীন ধরইল মল্লিকপার্ট মৌজার কোড়াল বিলের জমিতে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মোছাঃ আনজুয়ারা খাতুনের দুই ছেলে মোঃ হৃদয় হোসেন ও মোঃ শাহেদ আলী ধান রোপণ করতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাদের ধান লাগাতে বাধা দেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযোগকৃত বিবাদীরা দুই ভাইয়ের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসময় তাদের আত্মীয় মোঃ রেজাউল করিম ও প্রতিবেশী মোঃ জসিম এগিয়ে এসে বাধা দিলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে মোট চারজন আহত হন।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে অটোভ্যানে করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে ঘটনার বিস্তারিত জেনে আনজুয়ারা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ ব্যাপারে চাটমোহর থানার পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।