বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বর্ণব রোজারিও (১৯)। তিনি স্থানীয় বিপ্লব রোজারিওর ছেলে এবং সেন্ট জোসেফস স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ফল প্রকাশের পর থেকে তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে স্বজনদের দাবি। সহপাঠীদের একটি অংশ এ ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে বিক্ষোভে অংশ নেয় এবং কলেজের প্রধান ফটকে ভাঙচুর চালায়।
পরে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতা এবিএম ইকবাল হোসেন রাজু ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র-এর অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।