বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

জোনাইল বাজারে এলপিজি গ্যাসের দামে নৈরাজ্য: সরকারি রেট অচল, ১২ কেজির সিলিন্ডার ১৫০০ থেকে ১৬৫০ টাকা!
অনলাইন ডেস্ক / ৪১ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

বড়াইগ্রাম প্রতিনিধি :শাওন রোজারিও

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে চরম নৈরাজ্য দেখা দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের কোনো তোয়াক্কাই করছেন না স্থানীয় ব্যবসায়ীরা। নির্ধারিত দামের চেয়ে ৩০০ টাকারও বেশি অতিরিক্ত হাতিয়ে নিয়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডার ১৫০০ থেকে ১৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

সরেজমিনে জোনাইল বাজার ঘুরে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্তমান খুচরা মূল্য ১,৩৪১ টাকা হলেও সাধারণ ক্রেতাদের কাছ থেকে আদায় করা হচ্ছে চড়া মূল্য। বাজারের অধিকাংশ দোকানেই মূল্যতালিকা টাঙানো নেই। ডিলার ও খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে কৃত্রিম সংকটের অজুহাতে সাধারণ মানুষের পকেট কাটছেন।

 

জোনাইল বাজারে গ্যাস কিনতে আসা এক ভুক্তভোগী ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “টিভি-পত্রিকায় দেখি গ্যাসের দাম কমেছে, কিন্তু জোনাইল বাজারে তার কোনো প্রভাব নেই। সর্বনিম্ন ১৫০০ টাকা ছাড়া কোনো দোকানদার গ্যাস দিতে চাইছে না। রসিদ চাইলে তারা সাফ জানিয়ে দেয়, নিলে এই দামেই নিতে হবে। আমরা সাধারণ মানুষ এখন কার কাছে বিচার চাইবো?”

 

এদিকে খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি পর্যায়ে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। তবে ডিলারদের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় জোনাইল বাজারের অসাধু চক্রটি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

 

সাধারন ক্রেতারা অবিলম্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন যেন জোনাইল বাজারে অভিযান পরিচালনা করে। সরকার নির্ধারিত সঠিক মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষের নাভিশ্বাস থেকে মুক্তি দেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট