আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
ইসলামপুর উপজেলার ১১নং চরপটিমারি ইউনিয়নের সাজালের চর ব্রিজের দক্ষিণ পাশে প্রকাশ্যে দিন-রাত জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কথিত এক মেম্বারের নেতৃত্বে এ জুয়ার আসর পরিচালিত হচ্ছে। এতে এলাকায় সামাজিক অবক্ষয় ও পারিবারিক অশান্তি বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নূর নবী নামে এক ব্যক্তির নেতৃত্বে জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার সঙ্গে মাতাব্বর, রিপন, নিপুন ও ডিগ্রির চরের ‘মিস্টার’সহ আরও কয়েকজন সক্রিয় রয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ২৪ ও ২৭ ফেব্রুয়ারির ফুটেজেও জুয়ার কার্যক্রমের দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের প্রশ্ন, নূর নবী দেশের বাইরে অবস্থান করলেও কীভাবে তার নেতৃত্বে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে? তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জুয়ার আসর পরিচালিত হচ্ছে।
এলাকাবাসী জানান, জুয়ার কারণে বিভিন্ন পরিবারে অশান্তি দেখা দিচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, বিবাহবিচ্ছেদ, বাবা-মা ও সন্তানের মধ্যে কলহ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ করেন তারা। এতে সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা জামালপুর জেলা প্রশাসন, জামালপুর জেলা পুলিশ, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিস এবং ইসলামপুর থানার হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম গাজী বলেন, “অভিযোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে।