আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলাে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোছা. আমেনা খাতুন (২৫), স্বামী মো. ফিরোজ মিয়া, একই এলাকার মো. সাইদুল ইসলাম (৩০) ও মো. ইমরান হোসেন (৪৩)-এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, অভিযুক্ত সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করছিল এবং নানা প্রলোভন দেখিয়ে ক্ষতি করার চেষ্টা করছিল। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গত ৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী তারাবির নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পরিবারের অন্য পুরুষ সদস্যরা স্থানীয় মসজিদে তারাবির নামাজে ছিলেন এবং তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছিলেন। এই সুযোগে অভিযুক্ত সাইদুল ইসলাম কৌশলে তার বসতঘরে প্রবেশ করে পিছন থেকে মুখ চেপে ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে বিষয়টি ভুক্তভোগী তার স্বামী ও পরিবারের সদস্যদের জানান। তারা অভিযুক্তের স্বজনদের কাছে বিচার চাইলে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, দ্বিতীয় বিবাদী ইমরান হোসেনের পরামর্শে বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকে।
পরবর্তীতে পরিবারের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে আঃ কাইয়ূম গাজী,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),ইসলামপুর থানা জানান— অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।