আশরাফুল ইসলাম জেলা প্রতিনিধি
(রংপুর): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “দেশের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ভূমিকা অপরিসীম। তাই কৃষি সেবার সুফল প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।”শনিবার (১১ এপ্রিল) দুপুরে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেনের সভাপতিত্বে সভায় এমপি আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও সেচ ব্যবস্থার প্রসারের ওপর জোর দিয়ে বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকার প্রদত্ত প্রণোদনা যেন সঠিক সময়ে কৃষকের হাতে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলাম, কাজী হুদা, জিকরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ছয়জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। একইসাথে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি বেসরকারি এতিমখানার অনুকূলে ২০২৫-২৬ অর্থবছরের ক্যাপিটেশন গ্র্যান্ডের প্রথম কিস্তির মোট ১ কোটি ৪ লাখ ৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।