নাটোর( বড়াইগ্রাম) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে তাজ নাহার খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার বাগডোব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাজ নাহার খাতুন একই গ্রামের তাজু প্রামানিকের মেয়ে এবং মোঃ আশরাফুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এ কলহের জেরে মানসিকভাবে ভেঙে পড়েন তাজ নাহার খাতুন। ঘটনার দিন দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের মায়ের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, তার মেয়েকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এসব নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তাজ নাহার।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।