রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
অনলাইন ডেস্ক / ২৫ বার
আপডেট টাইমঃ সোমবার, ১১ মে, ২০২৬

 

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধিঃ

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) বানেশ্বর শাখার উদ্যোগে রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হাসান, কোষাধ্যক্ষ সানিয়াত সোহান-সহ অন্য নেতারা।

মানববন্ধনের ব্যানারে লেখা ছিল, “আমরা দালাল নই, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত এবং মেডিকেল বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষিত ওষুধ কোম্পানির প্রতিনিধি।” বক্তাদের অভিযোগ, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময়ে অপমান, অবহেলা ও নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয় তাঁদের।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত পরিচয়কে খাটো করে দেখা হয়। অথচ চিকিৎসক, হাসপাতাল ও রোগীর কাছে আধুনিক ওষুধ এবং চিকিৎসা-সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারাই।

সভায় আরও বলা হয়, দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতির একটি বড় খাত হলেও, এই খাতের মাঠপর্যায়ের কর্মীদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত হয়নি। কর্মঘণ্টা, মানসিক চাপ ও নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে প্রতিনিধিদের।

এর আগে একটি বিক্ষোভ র‌্যালি বানেশ্বর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা। কর্মসূচি শেষে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা। সেখানে পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এবং প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানানো হয়। #

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট