মোঃ মুনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার কলেজ মোড়ে দীর্ঘ প্রায় তিন বছর পর অবৈধ ও কাগজবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গোতম কুমার-এর নির্দেশনায় বুধবার (১৩ মে ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিট থেকে এ অভিযান শুরু হয়।
অভিযানে অংশ নেন সার্জেন্ট মোঃ রাকিবুল ইসলাম ও সার্জেন্ট সবুজ সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন এসআই আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক টিম এবং রহনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
অভিযান চলাকালে বিভিন্ন মোটরসাইকেল আটক করা হয় এবং যেসব যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না, সেসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে অনলাইন ও লিখিত উভয় পদ্ধতিতে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো এবং মোটরসাইকেল চালকদের সচেতন করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।