শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার “ধর্ষণ প্রতিরোধ মঞ্চ”
অনলাইন ডেস্ক / ২৭ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৪ মে, ২০২৬

 

নাছিম মৃধা,বাগেরহাট প্রতিনিধিঃ

 

রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং দেশব্যাপী নারী নির্যাতন, খুন ও ধর্ষণের বিচার ও নারীর নিরাপত্তার দাবিতে বাগেরহাটে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুর ১টায় বাগেরহাট প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে “ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, বাগেরহাট জেলা”।

“প্রতিবাদ, প্রতিরোধ, সাহস, ন্যায়বিচার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া মানুষজনের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার। এসময় পুরো এলাকায় প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধের পুনরাবৃত্তি সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ সংকেত। তারা বলেন, রামিসা হত্যার মতো মর্মান্তিক ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে।

বক্তারা আরও বলেন,

“রমিসার মতো আর কোনো ফুল যেন অকালে ঝরে না যায়। ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে অপরাধ আরও বাড়বে।”

সমাবেশে উপস্থিত বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরে নারী ও শিশুদের প্রতি সম্মানবোধ গড়ে তোলার আহ্বান জানান।

পরে বাগেরহাট প্রেসক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—

“ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও”,

“নারীর নিরাপত্তা নিশ্চিত কর”,

“ধর্ষকের বিচার চাই”,

“বিচারহীনতার অবসান চাই”,

“নারীর প্রতি সহিংসতা বন্ধ কর” ইত্যাদি।

আয়োজকরা জানান, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং ধর্ষণ ও হত্যার বিচার কার্যকরভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা সকল সচেতন নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

“ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, বাগেরহাট জেলা”র সদস্যরা বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করে, তাহলে নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তারা ভবিষ্যতেও সচেতনতামূলক কর্মসূচি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট