শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বড়াইগ্রামে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫
অনলাইন ডেস্ক / ৩৫ বার
আপডেট টাইমঃ শনিবার, ৬ জুন, ২০২৬

 

 

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি 

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার বড়াইগ্রাম থানায় তিনটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিবপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন শিবপুর গ্রামের মৃত আইন প্রামাণিকের ছেলে ওয়াজ প্রামাণিক (৭০), আব্দুল করিম প্রামাণিকের ছেলে আদিল প্রামাণিক, আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে আব্দুল বারেক প্রামাণিক, আব্দুল করিম মোল্লার ছেলে কামরুল হাসান, মৃত ইয়াসিন প্রামাণিকের ছেলে ইসরাইল প্রামাণিক, সজিব হোসেন, গড়মাটি কলোনী গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু হানিফ, গোপালপুর কলোনী গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে আব্দুল আওয়াল, বাবুল মণ্ডলের ছেলে রাব্বি মণ্ডল, হাবিবুর রহমানের ছেলে মেহেদি হাসান (২৫) এবং ওয়াহাব আলীর ছেলে ইলিয়াস হোসেন।

গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে ঈদের পরদিন গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালপুর মৃধাপাড়া এলাকার আবির হোসেনের সঙ্গে শিবপুর গ্রামের সজিব হোসেনসহ কয়েকজন যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় সজিব শিবপুর বাজারে গেলে আবির ও তার স্বজনদের সঙ্গে পুনরায় বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।

এ সময় বাজারের ব্যবসায়ী আবু হানিফ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তিনিও হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। খবর ছড়িয়ে পড়লে গড়মাটি কলোনী থেকে আবু হানিফের স্বজনরা ঘটনাস্থলে এসে জড়ো হন। পরে গড়মাটি কলোনী ও গোপালপুর কলোনীর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে গোপালপুরের লোকজন বাজার ত্যাগ করলে গড়মাটি কলোনীর কিছু লোকজন শিবপুর গ্রামের কয়েকজনের ওপর হামলা চালায় বলে স্থানীয়রা জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, “এ ঘটনায় থানায় তিনটি পৃথক লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট