শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

জোনাইলে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, পুলিশের বিশেষ অভিযান
অনলাইন ডেস্ক / ৩৪ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, 

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমহান এলাকায় তথাকথিত ‘জিনের বাদশা’, ‘আধ্যাত্মিক চিকিৎসক’ ও ‘অলৌকিক ক্ষমতার অধিকারী’ পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ও প্রচারণা চালিয়ে ধর্মীয় অনুভূতি ও সাধারণ মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণা করে আসছিল। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে অলৌকিক ক্ষমতার নামে রোগ নিরাময়, পারিবারিক সমস্যা সমাধান, ভাগ্য পরিবর্তন এবং বিভিন্ন সমস্যার কথিত সমাধানের আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর হক-এর নির্দেশনায় গত ৮ জুন বড়াইগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম উপস্থিত ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বিভিন্ন আলামত জব্দ করা হয়।

জব্দকৃত সামগ্রীর মধ্যে ভিডিও ধারণ ও প্রচারে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, তথাকথিত অলৌকিক কার্যক্রম প্রদর্শনের উপকরণ এবং তদন্তসংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী রয়েছে। তদন্তের স্বার্থে এসব আলামতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে প্রতারণার শিকার ব্যক্তিদের তথ্য-প্রমাণসহ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, ধর্মীয় অনুভূতি, কুসংস্কার ও অলৌকিক শক্তির নামে মানুষের বিশ্বাসকে পুঁজি করে অর্থ আত্মসাৎ করা একটি গুরুতর অপরাধ। এ ধরনের প্রতারক চক্র শুধু সাধারণ মানুষের আর্থিক ক্ষতিই করছে না, বরং সমাজে বিভ্রান্তি ও ভ্রান্ত বিশ্বাসেরও বিস্তার ঘটাচ্ছে।

পুলিশ সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণামূলক প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অলৌকিক ক্ষমতা বা আধ্যাত্মিক চিকিৎসার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রতারণার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট