আশরাফুল ইসলাম
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে পুকুরপাড়ের কাদামাটি থেকে লাভলী বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী রবিউল করিম পলাতক রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাহমুদপুর মৌজায় সলে মেম্বারের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাভলী বেগম সিংড়া উপজেলার বাসিন্দা। বড়াইগ্রামের বনপাড়ার বাসিন্দা রবিউল করিমের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। ছেলের কাছে বেড়াতে এসে বুধবার সকালে স্বামীর সঙ্গে পুকুরপাড়ে গাভির জন্য ঘাস কাটতে যান তিনি।
স্থানীয়দের অভিযোগ, সেখানে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লাভলীকে মারধর করে কাদামাটিতে ফেলে রেখে রবিউল পালিয়ে যান। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
গুরুদাসপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মো. রিয়াজুল হাসান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।