বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

চোর-ডাকাতের দাপটে কাঁপছে গুরুদাসপুর! পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে রাজপথে জনতার ক্ষোভ
অনলাইন ডেস্ক / ৮১ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের গুরুদাসপুর উপজেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির একের পর এক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দিন-রাতের ব্যবধান না রেখেই সংঘটিত হচ্ছে অপরাধের ঘটনা। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ দেওয়ার পরও অনেক ক্ষেত্রে তারা প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না। এতে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে বাড়ছে প্রশ্ন ও ক্ষোভ।

শুক্রবার দুপুর ১২টায় উপজেলার আনন্দনগর এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, চুরি হওয়া ৬টি গরু উদ্ধার এবং অপরাধ দমনে কার্যকর পুলিশি ভূমিকার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেওয়া শতাধিক নারী-পুরুষ অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নের দাবি জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক আজিজল ইসলাম অভিযোগ করেন, প্রায় আড়াই মাস আগে তার শেষ সম্বল ৬টি গরু চুরি হলেও এখন পর্যন্ত সেগুলো উদ্ধার হয়নি। তার দাবি, থানায় অভিযোগ জানিয়েও তিনি কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি এবং একপর্যায়ে অপমান-অপদস্ত হয়েছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত আড়াই মাসে গুরুদাসপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এমনকি থানা কমপ্লেক্স ও সরকারি কোয়ার্টারের আশপাশেও অপরাধ সংঘটিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তাদের ভাষ্য, অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বক্তারা অবিলম্বে চুরি হওয়া গরু উদ্ধারে বিশেষ অভিযান, অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা, রাত্রীকালীন টহল জোরদার এবং অপরাধ দমনে কার্যকর ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি থানার বর্তমান ওসির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উপজেলায় জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “গুরুদাসপুরে মানুষ আজ নিজেদের ঘর-বাড়ি, গবাদিপশু ও সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে।” তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট