বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোর জেলা পুলিশের উদ্যোগে বড়াইগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার লক্ষীকোল বাজারের জুয়েলারি দোকানগুলোতে সচেতনতামূলক স্টিকার লাগানো ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।এসময় জুয়েলারি ব্যবসায়ীদের স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বিতরণকৃত সচেতনতামূলক স্টিকারে লেখা রয়েছে— “স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন আইনবহির্ভূত কাজ। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।”কর্মসূচিতে নেতৃত্ব দেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। কর্মসূচি চলাকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্যে ওসি শফিকুল ইসলাম বলেন, “আইন মেনে ব্যবসা পরিচালনা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। স্বর্ণ বা স্বর্ণালংকার বন্ধক রেখে যেকোনো ধরনের আর্থিক লেনদেন করা সম্পূর্ণ আইনবহির্ভূত ও দণ্ডনীয় অপরাধ। অনেক সময় না বুঝেই ব্যবসায়ীরা এই ধরনের অবৈধ লেনদেনে জড়িয়ে পড়েন, যা পরবর্তীতে আইনি জটিলতা ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটায়। আমরা বড়াইগ্রামকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও আইনানুগ একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তাই কোনো প্রকার প্রলোভনে পা না দিয়ে অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন এবং পুলিশকে আইনি সহযোগিতা প্রদান করুন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”অভিযানের অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার জুয়েলারি দোকানগুলোতে এই সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। কর্মসূচিতে বড়াইগ্রাম থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং লক্ষীকোল বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা উপস্থিত ছিলেন।